ভানুবিল ডেভেলপমেন্ট সোসাইটির ১৭তম পুনর্মিলনী অনুষ্ঠিত

 

মো. রুহুল আলম রনি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল মাঝেরগাঁও গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভানুবিল ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)-এর ১৭তম পুনর্মিলনী। বুধবার (২১ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বিডিএস পরিবারের সদস্যদের মিলনমেলা, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বিডিএসের প্রতিষ্ঠাকালীন সদস্য চন্দ্রহাস সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুবিলের কৃতী সন্তান ওয়াই চন্দ্রজিৎ। এ ছাড়া বিডিএসের অন্যতম সদস্য দিপন কুমার সিংহ ও নিশিকান্ত সিংহসহ সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার পর থেকে বিগত ১৭ বছর ধরে ভানুবিল গ্রামের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বিডিএস। ১৭ সদস্যের এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে রয়েছেন চন্দ্রহাস সিংহ, দিপন কুমার সিংহ, নিশিকান্ত সিংহ, গুনাধন সিংহ, বীরজিৎ সিংহ, নির্মল সিংহ, লৈশেম সিংহ, অশোক কুমার সিংহ, উমাকান্ত সিংহ, তম্বা মৈতৈ, সুমন সিংহ, জীবন সিংহ, অঞ্জন সিংহ, শ্যামল কুমার সিং, গুনেন্দ্র সিংহ, রমেন সিংহ ও সুমেন সিংহ।

পুনর্মিলনী অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহিত করার উদ্যোগ নেয় সংগঠনটি।

সভাপতির বক্তব্যে চন্দ্রহাস সিংহ বলেন, বিডিএস এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম ও বিডিএস ভেরাইটিজ স্টোর সফলভাবে পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি মণিপুরী নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মণিপুরী হ্যান্ডিক্রাফটের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে বিডিএস পরিবারের শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ১৭তম পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *